National

সরলেন রাওয়াত, উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি

0
(0)

খবর লাইভ : ফের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে চমক। তীরথ সিং রাওয়াতের স্থলাভিষিক্ত হচ্ছেন পুষ্কর সিং ধামি। শনিবার বিজেপি বিধায়কদের বৈঠকে নতুন নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে উধম সিং জেলার খতিমা বিধানসভা কেন্দ্রের বিধায়ককে। আজই রাজভবনে অনাড়ম্বর শপথ মুখ্যমন্ত্রী পদে।

মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার চার মাস পূর্ণ হওয়ার আগেই বিদায় নিতে হয়েছে রাওয়াতকে। বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশে শুক্রবার রাতেই দিল্লি থেকে ফিরে রাজভবনে গিয়ে রাজ্যপাল বেবি রানি মৌর্যের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন তিনি। নয়া মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন বিজেপির দুই বর্ষীয়ান নেতা সতপাল মহারাজ ও ধন সিং রাওয়াত। দুই নেতাকে দলের শীর্ষ নেতৃত্ব দিল্লিতে তলব করায় জল্পনা আরও জোরদার হয়েছিল। এদিন সকাল থেকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের নাম নিয়েও জোর চর্চা শুরু হয়েছিল।

শনিবার দুপুরে পরিষদীয় দলের নতুন নেতা বেছে নিতে বৈঠকে বসেছিলেন বিজেপি বিধায়করা। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। সূত্রের খবর, বৈঠকে ৪৫ বছর বয়সী পুষ্কর সিং ধামির নাম প্রস্তাব করেন বিজেপির রাজ্য সভাপতি মদন কৌশিক। দলের শীর্ষ নেতৃত্ব খতিমা বিধানসভা কেন্দ্রের বিধায়ককেই রাজ্যপাট সামলানোর গুরুদায়িত্ব দিতে চাইছেন, তা বুঝতে পেরে কেউ আর বিরোধিতার পথে হাঁটেননি। ওই প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।

রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পরেই দলীয় বিধায়কদের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান ধামি। তাঁর কথায়, ‘আমার কাঁধে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো একটা বড় চ্যালেঞ্জ। তবে সবাইকে কথা দিচ্ছি, নিরাশ করব না। দলের পক্ষ থেকে রাজ্যবাসীকে যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা চালাব।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *