Special News Sports

বেলজিয়ামকে হতাশায় ডুবিয়ে সেমিতে ইতালি

0
(0)

খবর লাইভ : ইতালি দুর্দান্ত ফর্মে ছিল ঠিকই, কিন্তু শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এখনও ইতালির মাঠে নামা বাকি, এমন একটা কথা ঘুরছিল আকাশে। সেই সন্দেহটাকে এক ফুৎকারে উড়িয়ে দিলেন ইনসিগ্নে-স্পিনাৎসোলারা। বিশ্বের এক নম্বর দল বেলজিয়ামকে ইউরো থেকে বিদায় করে দিলেন তাঁরা। ইতালি জিতেছে ২-১ গোলে।
গোল করেছেন মিডফিল্ডার নিকোলো বারেল্লা ও উইঙ্গার লরেঞ্জো ইনসিগ্নে। ওদিকে বেলজিয়ামের হয়ে একমাত্র গোল করেন রোমেলু লুকাকু।
প্রথম থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে ভরপুর ছিল ম্যাচটা। উইঙ্গার দমেনিকো বেরার্দির জায়গায় গত ম্যাচের নায়ক ফেদেরিকো কিয়েসাকে প্রথম থেকেই নামানো হয়েছিল। চোট থেকে ফিরে সরাসরি মূল একাদশে ঢুকে গিয়েছিলেন অধিনায়ক জর্জো কিয়েল্লিনি। ওদিকে চোটের কারণে ইডেন হ্যাজার্ডকে নামায়নি বেলজিয়াম, তাঁর জায়গায় তরুণ জেরেমি দোকুকে নামানো হয়েছিল।
শুরুতেই লিওনার্দো বোনুচ্চির গোলে এগিয়ে যায় ইতালি। কিন্তু ভিএআরের বদান্যতায় বেঁচে যায় বেলজিয়ানরা। তখন এগিয়ে যেতে না পারলেও গোটা ম্যাচে কী হতে পারে সে ধারণাটা দিয়ে দিয়েছিল ইতালি।
নিকোলো বারেল্লার গোলে ৩১ মিনিটে এগিয়ে যায় ইতালি। দুর্দান্ত ড্রিবল ও ডান পায়ের মাপা শটে দলকে এগিয়ে দেন তিনি। তবে জটলা থেকে তাঁকে চার্জ করার জন্য কোনও বেলজিয়াম তারকা গেলেন না কেন, প্রশ্ন উঠতেই পারে।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে লরেঞ্জো ইনসিগ্নের দৃষ্টিনন্দন এক গোলে আরও ২-০ এগিয়ে যায় ইতালি।
শেষমেশ দলকে বাঁচেত এগিয়ে এলেন হ্যাজার্ডের জায়গায় মাঠে নামা দোকু। বাঁ প্রান্ত থেকে বিপজ্জনকভাবে ডি বক্সে ঢুকতে চাইলে অন্যায়ভাবে ফেলে দেওয়া হয় তাঁকে। পেনাল্টি পায় বেলজিয়াম। পেনাল্টি থেকে বারেল্লার ক্লাব-সতীর্থ রোমেলু লুকাকু গোল করে ব্যবধান কমান। তখন মনে হচ্ছিল বেশ হাই-স্কোরিং একটা ম্যাচ দেখতে যাচ্ছে ইউরো। কিন্তু সে আশায় গুড়েবালি। দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হতে দেয়নি বোনুচ্চি-কিয়েল্লিনির অভিজ্ঞ ও বর্ষীয়ান রক্ষণভাগ। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইতালি।
তবে ইতালির কপালে চিন্তার ভাঁজ বেড়েছে লিওনার্দো স্পিনাৎসোলার চোটের কারণে। দুর্দান্ত এই লেফটব্যাক চোটে পড়ে মাঠ ছাড়েন স্ট্রেচারে করে। এতটাই ভালো খেলছিলেন যে ইতালি ইউরো জিতলে হয়তো তাঁকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বানানোর একটা আলোচনা উঠে যেতই। সে আলোচনা আপাতত ধামাচাপা পড়ে গেল। পুরো ম্যাচে ইতালির কোনও কষ্টের ঘটনা ঘটে থাকলে, এটাই।
আপাতত পরের রাউন্ডে ওঠা গেছে, ইতালি আর স্পিনাৎসোলাকে স্বস্তি দেবে এটাই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *