খবর লাইভ : দেড় মাস পর কলকাতার রাস্তায় বাস নামতেই দুর্ঘটনার সাক্ষী থাকল শহরবাসী। রেড রোডে ফোর্ট উইলিয়ামের সামনে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মারে একটি মিনিবাস। প্রত্যক্ষদর্শীদের কথায়, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। মৃত বাইক আরোহীর নাম বিবেকানন্দ দাস। তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। গুরুতর আহত ১৩ জনকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। তাঁদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় বিঘ্নিত হয় যান চলাচল। নিয়ন্ত্রণে নামতে হয় সেনাকে।
ফোর্ট উইলিয়াম গেট, অর্থাৎ রেড রোডে ওঠার রাস্তাতেই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একই দিকে বাসের আগে একটি বাইক আরোহী যাচ্ছিলেন। তিনি হঠাৎ বাঁ দিকে মোড় নেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মেটিয়াব্রুজ-হাওড়া মিনিবাসের চালক। এরপর রাস্তার ধারে রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে বাসটি। বাসের তলায় চাপা পড়ে যান ওই বাইক আরোহী। এমনকী বাসটির চালকও গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রত্যেককে উদ্ধার করে এসএসকেএম ও কলকাতা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। পরে ক্রেন নিয়ে এসে বাসটিকে হালকা তুলে ধরার পর, তলায় চাপা পড়ে থাকা বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রায় দেড় মাস পর কলকাতার রাস্তায় ফের ছুটছে বাস। প্রথম দিন, তাই অনেক বাসই এদিন রাস্তায় বেরোয়নি। তার ওপর ভাড়া বাড়ানোর দাবি তো রয়েছে। ফলে রাস্তা ফাঁকা থাকায় বেপরোয়া গতিতে বাস ছোটার খবর ইতিমধ্যেই এসেছে। তার ওপর সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি পড়েই চলেছে। বৃহস্পতিবার বেপরোয়া গতির বলিই হতে হল একজনকে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হবে।




