খবর লাইভ : স্বাস্থ্যসাথী কার্ড কেন্দ্রের ঘুম উড়িয়েছে। রবিবার এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্বাস্থ্যসাথী কার্ড যে কেন্দ্রীয় সরকারকে নির্বাচনী প্রচারে বিজেপিকে একটু ভাবাচ্ছে, সেই বিষয়টি ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডুমুরজলায় ভার্চুয়াল ভাষণে বলেন, ‘রাজ্যে ক্ষমতায় এসে প্রথম ক্যাবিনেট বৈঠকে আয়ুষ্মান ভারত চালু করা হবে।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর এই বক্তব্যের পরই স্বাস্থ্যসাথী কার্ড প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে চন্দ্রিমা বলেন, ‘স্বাস্থ্যসাথী কেন্দ্রের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। আয়ুষ্মান ভারতের আগেই বাংলায় স্বাস্থ্যসাথী চালু হয়েছিল। আগেই সাড়ে সাত কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন। বর্তমানে আরও আড়াই কোটি মানুষ এর সঙ্গে যুক্ত হয়েছেন। মোট ১০ কোটি মানুষ এর আওতায়। এই প্রকল্প বিজেপি সরকারের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।’
এদিন কেন্দ্রের পিএম কিষাণ ও রাজ্যের কৃষকবন্ধু প্রকল্পের পার্থক্য তুলে ধরেন চন্দ্রিমা। তিনি বলেন, ‘কেন্দ্রের প্রকল্পের সুবিধা পাবেন মুষ্ঠিমেয় কিছু কৃষক পরিবার। কিন্তু রাজ্যের প্রকল্প প্রত্যেক কৃষকের জন্য। কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন যে তিনি কৃষকদের পাশে ছিলেন, আছেন আর থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন।’



