
খবর লাইভ : আগামী মাসে উত্তরবঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার আগে আগামিকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বুধবার রাজ্যপালে ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে তাঁরদিল্লিতেিল্লি সফর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানানো হয়েছে। যা নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। তাহলে কি শাহর নির্দেশ নিয়েই পাহাড়ে উঠবেন ধনখড়! এমন প্রশ্নও উঠেছে রাজনৈতিক মহলে।
এদিন রাজ্যপাল জগদীপ ধনখড়ের টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে,’দিল্লি সফরে যাচ্ছেন রাজ্যপাল। ২৮ অক্টোবর বিকেলে দিল্লির উদ্দেশে রওনা দেবেন। ২৯ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠক।’
প্রসঙ্গত, পুজোর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্তরবঙ্গ সফরে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। এর মধ্যে বিমল গুরুং অজ্ঞাতবাস থেকে বেরিয়ে এসে এনডিএ জোট ছেড়ে তৃণমূলকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেন। ফলে দার্জিলিঙের রাজনৈতিক সমীকরণ নতুন মাত্রা পেয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যপাল ধনখড়ের পাহাড় সফর এবং তার আগে দিল্লি গিয়ে অমিত শাহর সঙ্গে বৈঠক আলাদা মাত্রা পাচ্ছে।
জানা গিয়েছে, গোটা নভেম্বর মাসটাই পাহাড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল ধনখড়। তাই পাহাড় সফরের ঠিক আগে শাহ-ধনখড় বৈঠকে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এক মাস পাহাড়ে রাজ্যপাল শুধুই ছুটি কাটাতে যাচ্ছেন নাকি শাহের নির্দেশে পাহাড়ের পরিস্থিতি তদারকি করতে যাচ্ছেন! ধনখড়ের সফরের পরই এর জবাব মিলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।



