Special News Special Reports State

আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না, আদালতের পথে সোচ্চার নওশাদ সিদ্দিকী

0
(0)

খবর লাইভ : জেল দিয়ে আমাদের আন্দোলন রোখা যাবে না, ব্যাঙ্কশাল আদালতে তোলার সময় সরকারের বিরুদ্ধে সোচ্চার ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। গতকাল ওয়াকফ সংশোধিত আইন প্রত্যাহার, SIR-সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ-আন্দোলন করে আইএসএফ।

সেই আন্দোলনকে কেন্দ্র করে বুধবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে নওশাদ সিদ্দিকী-সহ ৯৫ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়।

বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জন আইএসএফ কর্মীকে ব্যাঙ্কশাল  আদালতে তোলে পুলিশ। ততক্ষণে আদালত চত্বরে আইএসএফ কর্মী-সমর্থকদের প্রবল ভিড়, মুহূর্মুহূ উঠছে স্লোগান।

দাবি একটাই, ‘নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকেই নিঃশর্ত মুক্তি দিতে হবে’। আইএসএফ কর্মীদের বিক্ষোভ সামাল দিতে এদিন ব্যাঙ্কশাল আদালত চত্বরে বিপুল সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল।

গতকাল নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জন আইএসএফ কর্মীদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। তারই পরিপ্রেক্ষিতে এদিন তাঁদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়।

আদালতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী বলেন, “পুলিশ দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। জেল দিয়ে আন্দোলন থামানো যাবে না। SIR নিয়ে হয়রানি বন্ধ করতে হবে। পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *