
খবর লাইভ : প্রধানমন্ত্রীর মসনদে বসার পরই ‘স্বচ্ছ ভারত অভিযান’ শুরু করেছিলেন নরেন্দ্র মোদি। এবার সেই স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুললেন তাঁর ‘ঘনিষ্ঠ বন্ধু’ তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের বাতাস নোংরা বলে মন্তব্য করলেন তিনি।
যদিও প্রকাশ্যে ‘বন্ধু’র দেশের সমালোচনার ঘটনা মার্কিন প্রেসিডেন্টের এটা প্রথম নয়। কিছুদিন আগে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়েও ভারতের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি। এবার ভারতের সঙ্গে চিন এবং রাশিয়ার বাতাসও নোংরা বলেও মন্তব্য করেছেন তিনি।
জানা গিয়েছে, পরিবেশ পরিবর্তন এবং তার মোকাবিলায় আমেরিকার ভূমিকা নিয়ে সরগরম হয়ে উঠেছে সে দেশের প্রেসিডেন্সিয়াল নির্বাচনী প্রচার। ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বিডেনের নির্বাচনী প্রচারের অন্যতম হাতিয়ার হল, আবহাওয়ার পরিবর্তন মোকাবিলায় নেওয়া তাঁর পরিকল্পনা। আর এরই সমালোচনা করতে গিয়ে এবং নিজের পিঠ বাঁচাতে ‘বন্ধু’-র দেশকেও ছাড়লেন না ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী জনসভায় তিনি বলেন, ‘চিনকে দেখুন, কত নোংরা। রাশিয়াকে দেখুন। ভারতকে দেখুন। বাতাস কত নোংরা।’ তিনি আরও বলেন, ‘আমি প্যারিস অ্যাকর্ডের কারণে লাখ লাখ চাকরি, হাজার হাজার কোম্পানি নষ্ট করতে পারব না। এটা খুবই অন্যায্য।’



