খবর লাইভ : দীর্ঘ কয়েক মাস পর ফের রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা গেল দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। বঙ্গ সফরে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতৃত্ব অমিত শাহের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন দিলীপ ঘোষ। একটানা প্রায় ৬ মাস পর বিজেপির কোনও বড়সড় সাংগঠনিক বৈঠকে যোগ দিলেন তিনি। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের পর চলতি বছরের জুন মাসে রাজ্য বিজেপির একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকেই শেষবার উপস্থিত ছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। এরপর টানা ছয় মাস ধরে দলের কোনও গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁকে দেখা যায়নি। এই সময়কালে দিলীপ ঘোষকে ঘিরে বিজেপির অন্দরে নানা জল্পনা চলতে থাকে। এমনকি বিজেপি ছেড়ে তাঁর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল রাজনৈতিক মহলে।
যদিও এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে দিলীপ ঘোষ বারবার জানিয়েছেন, তিনি বিজেপিতেই ছিলেন এবং বিজেপিতেই থাকবেন। রাজ্য বিজেপির দায়িত্ব শফিক ভট্টাচার্যের হাতে যাওয়ার পর তিনিও স্পষ্ট করে বলেছিলেন, দিলীপ ঘোষের মতো নেতা কখনও দল বদল করবেন না এবং তিনি সবসময় দলের সঙ্গেই আছেন।
এবার খোদ অমিত শাহের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে দিলীপ ঘোষের ডাক পাওয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপির একাংশ মনে করছে, বিধানসভা নির্বাচনের আগে ফের সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে দিলীপ ঘোষকে। দলের অনেক নেতাকর্মীরই দাবি, সংগঠন মজবুত করতে এবং ভোটের লড়াইয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক রাজনীতিতে দিলীপ ঘোষকে ফের পুরোপুরি মাঠে নামানো হোক।




