খবর লাইভ : শেষ পর্যন্ত বাংলা থেকে বর্ষার পাততাড়ি গোটানোর পালা শুরু। মোটামুটি ভাবে আজ সোমবার থেকেই রাজ্য থেকে শীতের বিদায়-পর্ব শুরু হয়ে গেল। নতুন করে বৃষ্টির সম্ভাবনা নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দফতর? শীত পড়বে কবে থেকে? জেনে নিন আপডেট।
আজ সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে এই রাজ্য থেকে বর্ষার বিদায়-পর্ব শুরু হয়ে গেল। নতুন করে দুই বঙ্গেই বৃষ্টির জোরালো সম্ভাবনা বেশ ক্ষীণ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন প্রবল বৃষ্টির সম্ভাবনা আর নেই। মোটের ওপর দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া আজ থেকেই শুষ্ক হতে শুরু করবে।
যদিও বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার জেরে উত্তরবঙ্গের উপরের দিকে কয়েকটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রাজ্যের কোথাওই আর নতুন করে প্রবল দুর্যোগের সম্ভাবনা নেই। বরং আজকের পর থেকে সর্বত্র আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে।
এমনিতেই এখন ভোরের দিকে আর সন্ধ্যের পর থেকে বাড়ির বাইরে বেরোলে মৃদু শীতের অনুভূতি শুরু হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, সময় যত এগোবে এই শীতের শিরশিরানি ততই বাড়বে। এবার কি অক্টোবর থেকেই শীতের অনুভূতি বাড়তে শুরু করবে? এখনও পর্যন্ত তেমন কোনও পূর্বাভাস নেই। বরং আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক দিন সকাল ও সন্ধ্যায় হালকা ঠান্ডার অনুভূতি মিলবে। চলতি মাসের শেষের দিক থেকে কুয়াশার দাপট দেখা যাবে।




