খবর লাইভ : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার পর ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে যাবে। এই সফরে টিম ইন্ডিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি ৫ ম্যাচের টি-২০ সিরিজও খেলবে। এই সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগরকর টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করলেন। এই স্কোয়াডে তরুণ ক্রিকেটারদের পাশাপাশি সিনিয়রদেরও জায়গা দেওয়া হয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, রোহিত শর্মার হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে ওয়ানডে ক্রিকেট দলের ক্যাপ্টেন্সি। তাঁর জায়গায় শুভমান গিলকে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে।
আসন্ন অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে নির্বাচন করা হয়নি। শুভমান গিলের নেতৃত্বে ‘হিটম্যান’ খেলতে নামবেন। এর পাশাপাশি বিরাট কোহলিকেও স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। টিম ইন্ডিয়ার এই দুই মহারথী দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার খেলেছিলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল আগামী ১৯ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ খেলতে নামবে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আয়োজন করা হবে ২৩ অক্টোবর। তৃতীয় ম্যাচটি ২৫ অক্টোবর। এরপর আগামী ২৯ অক্টোবর থেকে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হবে। টি-২০ ক্রিকেট দলকে নিঃসন্দেহে সূর্যকুমার যাদব নেতৃত্ব দেবেন। চোটের কারণে হার্দিক পান্ডিয়া এই সফরে যেতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।




