খবর লাইভ : জনপ্রিয় গায়ক জুবিন গর্গের অকাল প্রয়াণে স্তম্ভিত দেশবাসী। রবিবার ভোরে তাঁর কফিনবন্দি দেহ দিল্লি থেকে গুয়াহাটি বিমানবন্দরে এসে পৌঁছায়। জুবিনকে নিতে এসেছিলেন তাঁর স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ। আর কফিনবন্দি অবস্থায় প্রয়াত স্বামীকে দেখামাত্রই কান্নায় ভেঙে পড়েন তিনি। প্রিয় গায়ককে দেখার জন্য বিমানবন্দর থেকে শুরু করে গুয়াহাটির রাস্তাতেও ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ।
জানা গিয়েছে, এদিন জুবিনের দেহ গুয়াহাটি বিমানবন্দরে এসে পৌঁছানোর পরই শ্রদ্ধা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এরপর গায়কের দেহ প্রথমে তাঁর কাহিলিপাড়ার বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে জুবিনকে শেষ শ্রদ্ধা জানান তাঁর ৮৫ বছর বয়সি বাবা এবং পরিবারের সদস্যরা। এরপর জুবিনের কফিনবন্দি দেহ নিয়ে যাওয়া হয় অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে। সেখানেই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রিয় গায়ককে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা। জুবিনকে শেষ দেখা দেখতে শনিবার রাত থেকেই সেখানে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ। এদিন রাস্তা দিয়ে অ্যাম্বুল্যান্সে করে মরদেহ নিয়ে যাওয়ার সময় সঙ্গে হেঁটে যাচ্ছিলেন তাঁর ভক্তরাও। সেখানে ছিল জুবিনের প্রিয় হুডখোলা জিপটিও। গাড়িটি সাজানো হয়েছিল ফুল দিয়ে। সেই সঙ্গে রাখা হয়েছিল জুবিনের বিশাল আকারের প্রতিকৃতি। তবে প্রয়াত গায়কের শেষকৃত্য কোথায় সম্পন্ন হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এনিয়ে রবিবার সন্ধ্যা ছ’টায় মন্ত্রীসভার বৈঠক হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় ৫২ বছর বয়সি জুবিনের। এই খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে দেশজুড়ে। তিন দশক ধরে ৪০টিরও বেশি ভাষা ও উপভাষায় ৩৮,০০০ গান গেয়ে তিনি মানুষকে মুগ্ধ করেছেন। জুবিনের অকাল প্রয়াণের পরই অসমে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।




