খবর লাইভ : ২০১৬ সালের এসএসসি শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে ফের পরীক্ষার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী, নতুন পরীক্ষার দিনক্ষণও চূড়ান্ত হয়েছে।আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষার পূর্বনির্ধারিত সূচি পরিবর্তনে রাজি নয় দেশের শীর্ষ আদালত।
এই পরিস্থিতিতে, তালিকাভুক্ত ‘অযোগ্যদের’ মধ্যে থাকা প্রাক্তন চাকরিপ্রার্থী সুজাতা দাস শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে দাবি করেন, তাঁকে ভুলবশত অযোগ্যদের তালিকায় রাখা হয়েছে। তাঁর আর্জি ছিল, পুনঃনিয়োগের এই পরীক্ষাটি যেন পিছিয়ে দেওয়া হয় এবং তাঁকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। তবে সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অরবিন্দ কুমারের ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেন।
আদালত সাফ জানিয়ে দিয়েছে, যাঁরা নিজেকে ‘অযোগ্য’ তালিকায় অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও নির্দোষ মনে করছেন, তাঁদের অবশ্যই যথাযথ প্রমাণ নিয়ে সংশ্লিষ্ট হাইকোর্টে আবেদন করতে হবে। সেই আবেদন বিবেচনার দায়িত্ব হাইকোর্টের, সেটিকে এড়ানোর অবকাশ নেই। শুনানিতে সুজাতা দাসের পক্ষে সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর মতো আরও অনেক চাকরিপ্রার্থী রয়েছেন, যাঁরা অযোগ্য তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কিন্তু হাইকোর্ট সেই আবেদন শুনতে অস্বীকার করেছে শীর্ষ আদালতের পূর্ব নির্দেশের কথা বলে।
বিচারপতি সঞ্জয় কুমার স্পষ্টভাবে বলেন, “শীর্ষ আদালতের নির্দেশ থাকলেও, সেটি দেখিয়ে হাইকোর্ট যদি একেবারে শুনানিই না করে, সেটি আইনসঙ্গত নয়।”
এর ফলে, এসএসসি-র নতুন নিয়োগ পরীক্ষা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং অযোগ্য প্রার্থীরা সেই পরীক্ষায় বসতে পারবেন না, সেই অবস্থানেই অনড় সুপ্রিম কোর্ট।




