খবর লাইভ : বৃহস্পতিবার সকালেই ফের নতুন নির্দেশিকা দিলেন বিচারপতি। এসএসসি -র চেয়ারম্যান, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, চেয়ারম্যান উপদেষ্টা, স্টেনোগ্রাফারকে এসএসসি অফিসে ঢোকায় ছাড় দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন পদক্ষেপ কলকাতা হাই কোর্টের। চাকরিপ্রার্থীদের আর্জি মেনে মাঝরাতে শুনানি করেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবারই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সাড়ে তিন ঘণ্টা জেরা করেছে সিবিআই। আর এই সময়ের মধ্যেই পদত্যাগ করেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তাঁর জায়গায় আসেন আইএএস অফিসার শুভ্র চক্রবর্তী। কিন্তু চাকরিপ্রার্থীদের অভিযোগ, ডিজিটাল নথি নষ্ট করা হতে পারে রাতেই। সেই আর্জি মেনেই রাত ১২ টা ৩০ মিনিটের মধ্যে সিআরপিএফকে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অফিস ঘিরে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, হাইকোর্টের অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না আচার্য সদনে।
যদিও এসএসসি অফিসে সিআরপিএফ মোতায়েনের নির্দেশকে চ্যালেঞ্জ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আজই ডিভিশন বেঞ্চে যাচ্ছে কমিশন। এসএসসি-র অফিস আচার্য সদনে সিআরপিএফ মোতায়েন প্রত্যাহার করতে হবে, এই আবেদন নিয়েই ডিভিশন বেঞ্চে যাচ্ছে কমিশন।




