খবর লাইভ : কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নির্যাতিতা বাবা-মায়ের আবেদনে এবার সাড়া দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিহত তরুণী চিকিৎসকের বাবা-মায়ের করা ইমেইলের পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন রাষ্ট্রপতি। আরজি কর কান্ডের এক বছরের মাথায় নবান্ন অভিযানে নেমে নির্যাতিতা চিকিৎসকের মা-বাবা আক্রান্ত হয়েছিলেন। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছিল তাঁদের। সেই ব্যাপারে অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতিকে ইমেইল করেছিলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। এই ব্যাপারে মুখ্যসচিবের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাষ্ট্রপতি।
গত ৯ আগস্ট নবান্ন অভিযানের সময় তিলোত্তমার মা আক্রান্ত হওয়ার অভিযোগ সামনে আসতেই পরিবারের তরফে রাষ্ট্রপতির কাছে ই-মেল পাঠানো হয়েছিল। এবার সেই আরজির জবাবে পদক্ষেপ নিল রাষ্ট্রপতি ভবন।
তিলোত্তমার মৃত্যুর বার্ষিকীতে বাবা-মা আন্দোলনে যোগ দিতে পথে নেমেছিলেন। অভিযোগ, সেই দিনই পুলিশের পক্ষ থেকে তাঁদের উপর আক্রমণ হয়। এরপর একাধিকবার রাষ্ট্রপতিকে ই-মেল পাঠিয়েছেন তিলোত্তমার বাবা। শেষবার ১৩ আগস্ট পাঠানো চিঠিতে তিনি লেখেন, “আমাদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। আমরা সব হারিয়েছি। মেয়েকে খুন করা হয়েছে। মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে আক্রমণ করা হয়েছে। তিনবার মেইল করলাম, দয়া করে এবার উত্তর দিন।”
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। তিলোত্তমার পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের দাবিতে লড়াই করে আসছে। তাঁদের অভিযোগ, তদন্তের গতি আশানুরূপ নয়। এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপে নতুন করে আশার আলো দেখছেন তাঁরা।
তিলোত্তমার মর্মান্তিক মৃত্যুর এক বছর পরও পরিবারকে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। নবান্ন অভিযানে তাঁদের উপর আক্রমণের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাষ্ট্রপতির পদক্ষেপের পর এখন নজর রাজ্যের প্রশাসনের উপর—তাঁরা কী রিপোর্ট দেন এবং পরিবারের সুরক্ষার বিষয়ে কী উদ্যোগ নেন, তাই দেখার।




