খবর লাইভ : আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানের উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। নিহত চিকিৎসকের বাবা রবিবার দাবি করেছেন, সরকারি চাপে মেডিকা হাসপাতালে তার স্ত্রী অভয়ার মাকে ভর্তি নেওয়া হয়নি। যদিও কেন ভর্তি করা হয়নি, সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। বর্তমানে অভয়ার মায়ের স্বাস্থ্য স্থিতিশীল অবস্থায় রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণ চলছে এবং হাসপাতাল থেকে ছুটি নিয়ে তাকে বাড়ি নিয়ে যাওয়া হবে বলে বাবার পক্ষ থেকে জানানো হয়েছে ।
অভিযোগ, নবান্ন অভিযানের পথে পুলিশি লাঠিচার্জে আহত হন অভয়ার মা। যদিও পুলিশের তরফে এই ঘটনাটি অস্বীকার করা হয়েছে। যদিও আঘাত গুরুতর হওয়ায় তাঁকে বাইপাসের বেসরকারি হাসপাতালে মেডিকাতে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বর্তমানে আউট অফ ডেঞ্জার অবস্থায় আছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
অভয়ার বাবা আরও জানিয়েছেন, গতকাল যখন অভয়ার মা-কে মেডিকা হাসপাতালে আনা হয়েছিল, তখন পরিস্থিতি বেশ খারাপ ছিল। ডাক্তাররাও আতঙ্কে ছিলেন। তবে এখন অভয়ার মা ভাল আছেন। সকাল থেকে হাঁটতে পারছেন। ধরে হাঁটাতে হচ্ছে না।
অভয়ার বাবার অভিযোগ, ‘এখানকার অনেকে আন্দোলনের সঙ্গে যুক্ত। আমার মেয়েকে অনেকে চিনতেনও। তাঁরা স্পষ্ট জানিয়েছেন আমাদের উপর সরকারি চাপ আছে। কাল হাসপাতালে আসার পর থেকে একটা পুলিশের গাড়ি এবং ২ জন পুলিশ বসে রয়েছেন এখানে।
অভয়ার বাবা জানিয়েছেন, গতকাল হাসপাতালে অভয়ার মা-কে আনার সঙ্গে সঙ্গেই চিকিৎসা হয়েছে। ১০ মিনিটের মধ্যে সিটি স্ক্যান হয়। ডাক্তার এসে দেখে বলেন, হয়তো দু দিন ভর্তি রাখতে হবে। আমি বলি এমন একটা ঘর দেবেন যাতে আমিও থাকতে পারি। কারণ ওকে ছেড়ে আমি কোথাও যাব না। তবে ডাক্তার চলে যাওয়ার পর হাসপাতালের প্রশাসনের তরফে গড়িমসি করা হয়। রাত সাড়ে ৯টা নাগাদ বলা হয়, ভর্তি করার দরকার নেই। আমি তখন বলি ডাক্তারবাবু যে বলে গেলেন। এরপর আমরা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি। উনি বলেন, ওনাদের উপর একটা চাপ সৃষ্টি করা হয়েছে।




