খবর লাইভ : বিহারের জামুই জেলা, চৌদিহা পঞ্চায়েতের আমীন গ্রামে নির্বাচনী সংশোধন প্রক্রিয়া চলাকালীন একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে । এক বাড়িতে “হাউস নম্বর ৩, ওয়ার্ড নম্বর ৩” হিসাবে তালিকাভুক্ত হয়েছে ২৩০ জন ভোটারের নাম।
জানা গিয়েছে, ভোটার তালিকায় প্রতিটি নাম এক বাড়ির ঠিকানায় দেখানো হয়েছে, অথচ গ্রামবাসীরা স্পষ্ট জানাচ্ছেন তারা বিভিন্ন বাড়িতে বসবাস করেন ।
আমিন গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, বুথ লেভেল অফিসার হয়তো অফিসে বসেই ফর্ম পূরণ করেছেন, বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্যন্ত করেননি।
নূর হাসান (৭০) উল্লেখ করেন, আমার বাড়িতে ফর্ম দেননি, হয়তো গ্রামের একটি দূরবর্তী বাড়িতে গিয়ে সই করিয়েছেন।
মহম্মদ দানিশ আরও অভিযোগ করেন, বিএলও-রা বাড়ি ঘুরে যাচাই না করেই ফর্ম পূরণ করে ফেলেছেন।
মহম্মদ শাহনেওয়াজ জানান, মেয়ের, কৌশল খাতুনের তিন বছর আগে মৃত্যু হয়েছে, তবু তার নাম তালিকায় আছে। সংশোধনের জন্য ফর্ম ৭ দেওয়া হয়েছিল, কিন্তু তাতেও ঠিক হয়নি।
ভারতের নির্বাচন কমিশন থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন ঘটনা ঘটতে পারে। বিএলও বিষয়টি ব্লক উন্নয়ন কর্মকর্তাকে জানিয়েছেন, ফর্ম ৭ এর মাধ্যমে মৃত ব্যক্তির নাম ও ঠিকানা পুনরায় সংশোধন করা হবে।




