খবর লাইভ : ২৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন । সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, আগামী ৮ মে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই আবেদন শুনতে পারে।
গত ৩ এপ্রিল, শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাতিল করে দেয় দেশের শীর্ষ আদালত। আদালতের পর্যবেক্ষণ ছিল, যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করে শনাক্ত করা সম্ভব না হওয়ায় পুরো প্যানেল বাতিল করা ছাড়া অন্য কোনও উপায় ছিল না। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, এসএসসিকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং অযোগ্য প্রার্থীরা যারা ইতিমধ্যে বেতন পেয়েছেন, তাদের সেই অর্থ ফেরত দিতে হবে।
রায়ের এক মাসের মধ্যে পুনর্বিবেচনার আবেদন করল রাজ্য এবং এসএসসি। তাদের যুক্তি, যারা প্রকৃতপক্ষে যোগ্য, তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে গেছে। তাই আদালত যেন যোগ্য ও অযোগ্যদের আলাদা করে বিবেচনা করে রায় পুনর্বিবেচনা করে অথবা সংশোধিত রায় প্রদান করে।
উল্লেখযোগ্যভাবে, সুপ্রিম কোর্টের রায়ের কোনও নির্দেশ এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। রাজ্য সরকার আগেই জানিয়েছিল, রায়ের সব দিক খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সেই মোতাবেক এবার রিভিউ পিটিশন দাখিল করা হল।




