খবর লাইভ : ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তপ্ত মুর্শিদাবাদ । এই সহিংসতার বিষয়ে গুরুত্ব বিবেচনা করে, মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে যে তারা তাদের একটি দল ঘটনাস্থলে পাঠাবে । যারা ঘটনার তদন্ত করবে ।
জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে যে, তাদের কাছে অভিযোগ জমা দেওয়ার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে । জানা গিয়েছে, প্রকাশ কলিঙ্গ রাইটস ফোরাম নামে ওড়িশার এক সংগঠনের অভিযোগ পেয়ে এই সিদ্ধান্ত নেয় জাতীয় মানবাধিকার কমিশন ।
সেই অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করল আক্রান্তদের পরিবার। শুধু তা-ই নয়, অশান্ত হয়ে ওঠা ধুলিয়ানে যেতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
তাদের আর্জি, এই চক্রান্তের নেপথ্যের জাল ছিঁড়তে এনআইএ-র হাতে তদন্তভার দেওয়া হোক। সুতি, ধুলিয়ান, শমসেরগঞ্জ-সহ একাধিক এলাকার বেশ কয়েক জন বাসিন্দা বুধবার বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন।
মামলাকারীদের অভিযোগ,তাদের বাড়িতে বোমা মারা হয়েছে। তারা আক্রান্ত হয়েছেন। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। পুলিশ সুপারকে ইমেল করে অভিযোগ জানানো হলেও কোনও জবাব পাওয়া যায়নি বলেও দাবি তাঁদের। তার পরই তারা হাই কোর্টের দ্বারস্থ হন। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
শুভেন্দুর আইনজীবীর বক্তব্য, গত কয়েক দিনের মধ্যে অন্য দলের নেতানেত্রীরা ধুলিয়ানে গিয়েছেন। কিন্তু তাঁর মক্কেলকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।




