খবর লাইভ : গণবিক্ষোভের জেরে শুধু প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়াই নয়, বাংলাদেশও ছাড়তে হল শেখ হাসিনাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন। আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। তাঁরা হেলিকপ্টারে ভারতের উদ্দেশে রওনা দিয়েছিলেন। সেই হেলিকপ্টার ল্যান্ড করেছে ত্রিপুরার আগরতলায়। সেখান সেবা বাহিনীর বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা। তবে ভারতে নয় তিনি দিল্লিকে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করে লন্ডন যাচ্ছেন বলে জানা গিয়েছে।
সোমবার দুপুরে হাসিনার দেশত্যাগের পর তাঁর সরকারি বাসভবন গণভবনের দখল নিয়েছিল আন্দোলনকারী ছাত্র-জনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেন তাঁরা। বহু মানুষকে দেখা যায়, টিভি, আসবাবপত্র লুঠ করে নিয়ে যেতে। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, সেনা-পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে প্রতিবেশী দেশে।
জানা গিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘অসহযোগ কর্মসূচি’ ঘিরে যে অশান্তির সূত্রপাত হয়, তাতে কেবল রবিবারেই অন্তত ৯৮ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন ১৪ জন পুলিশকর্মীও। হামলা, পাল্টা হামলায় জখম হন শতাধিক মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে শাসকদল আওয়ামী লীগের কর্মী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা।




