খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতই লোকসভা ভোটের সময় কার্যত ডেইলি প্যাসেঞ্জারের ভূমিকায় দেখা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে। ষষ্ঠ দফা ভোটের আগে আজ বাংলায় ৭টি সভা অমিত শাহ ও জেপি নাড্ডার।
এদিন সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত শাহ করবেন চারটি সভা। দুপুর একটা থেকে শুরু করে বিকেল পর্যন্ত নাড্ডা করবেন তিনটি সভা। অমিত শাহ শুরু করবেন কাঁথিতে সৌমেন্দু অধিকারীর সমর্থনে সভা দিয়ে। এরপর ডেবরায় বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা। এরপর পুরুলিয়ার পাড়ায় জ্যোতির্ময় সিং মাহাতের সমর্থনে তৃতীয় সভা সেরে শাহ পৌছবেন সাড়ে চারটে নাগাদ বাঁকুড়ায় সুভাষ সরকারের সমর্থনে সভামঞ্চে।
অন্যদিকে, জে পি নাড্ডা শুরু করবেন হাবড়া এলাকায় স্বপন মজুমদারের সমর্থনে। এরপর কলকাতা উত্তরে বড়বাজার এলাকায় এবং কলকাতা দক্ষিণের বন্দর এলাকায় তাপস রায় ও দেবশ্রী চৌধুরীর সমর্থনে পরপর দুটি সভা করবেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি।
একুশের বিধানসভা নির্বাচনের আগেও মোদি-শাহ-নাড্ডারা এ রাজ্যে ভোট প্রচারে ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন। ২০০ আসন পাওয়ার দাবি করেছিলেন। কুৎসা, মিথ্যাচারের আড়ালে গেল গেল রব তুলেছিলেন। কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন হয়নি।




