খবর লাইভ : বার বার ঠিকানা বদলেও শেষরক্ষা হল না মুম্বইয়ে বিলবোর্ড ভেঙে ১৬ জনের মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত ভবেশ ভিন্ডের। মুম্বইয়ের ঘাটকোপারে যে সংস্থা ওই বিলবোর্ডটি বসিয়েছিল, তার মালিক ভবেশকে বৃহস্পতিবার রাজস্থানের উদয়পুর থেকে গ্রেফতার করে পুলিশ।ভিন্ডে ‘ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেড’ নামের একটি সংস্থার মালিক। গত সোমবার বিলবোর্ড বিপর্যয়ের পরেই তিনি বেগতিক বুঝে মুম্বই থেকে মহারাষ্ট্রের লোনাভোলায় চলে যান। পুলিশের তরফে জানা গিয়েছে, তার পর ভিন্ডে মুম্বই ফিরে আসেন। কিন্তু সেখানে পুলিশ অভিযুক্তের খোঁজে তৎপরতা বাড়িয়েছে বুঝতে পেরেই চলে যান ঠাণে। সেখান থেকে গুজরাতের আমদাবাদ। তার পর একাধিক বার আস্তানা বদলে সোজা রাজস্থানের উদয়পুরে।
আরও পড়ুনঃ মালদহে বাজ পড়ে মর্মান্তিকভাবে মৃত ১১, দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা
শুক্রবার সকালে ভবেশকে মুম্বই নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে খবর, তাঁকে আদালতে হাজির করানো হবে।বিলবোর্ড ভেঙে পড়ার পরেই ভবেশের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়। এফআইআরেও অন্যতম মূল অভিযুক্ত হিসাবে তাঁর নাম ছিল। ভবেশের বিরুদ্ধে এ ছাড়াও অন্যান্য ঘটনায় অন্তত ২০টি মামলা রয়েছে। তার মধ্যে একটি ধর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।সোমবার ঘাটকোপারে যে বিলবোর্ডটি ঝড়ের কারণে ভেঙে পড়েছিল, তার দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল ১২০ ফুট করে। অথচ, মুম্বই শহর এলাকায় ৪০ ফুটের বেশি লম্বা বা চওড়া কোনও বিলবোর্ডে ছাড়পত্র দেওয়ার কথা নয় পুরসভার।




