খবর লাইভ : এলাকায় বিদ্যুৎ এসেছে ঠিকই, কিন্তু লো-ভোল্টেজের সমস্যা নিত্যসঙ্গী। প্রবল গরমে দরদর করে ঘাম ঝরলেও ঘরের পাখা ঘোরে শামুকের গতিতে। আলো জ্বাললেও কাটে না অন্ধকার। দীর্ঘদিন ধরে নেতা, মন্ত্রীদের কাছে দরবার, সরকারি কার্যালয়ে হত্যে দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। মিলেছে কেবল শুকনো পরামর্শ, আশ্বাস। এ বার এলাকাবাসীর সেই রাগ ফেটে বেরোল ভোটের মুখে। জানা গিয়েছে, রবিবার সকালে আসানসোল লোকসভা কেন্দ্রের ২৭৯ জামুড়িয়া বিধানসভার তপসির জানবাজার গ্রামের ২৪৩ নম্বর বুথে পৌঁছতেই তাঁদের ঘিরে বিক্ষোভ শুরু। গ্রামবাসীদের দাবি, জেনারেটর লাগিয়ে ভোট করতে দেবেন না তাঁরা। লো-ভোল্টেজের কারণে গরমে হাঁসফাঁস করেন গ্রামবাসীরা।
আরও পড়ুনঃ এবার কংগ্রেসের খাড়গের কপ্টারে তল্লাশি
এ প্রসঙ্গে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব ইসিএলের। লো-ভোল্টেজের সমস্যার সঙ্গে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের কোনও সম্পর্ক নেই।সোমবার ভোট আসানসোল লোকসভা কেন্দ্রে। তার ঠিক আগের দিন উত্তেজনা ছড়াল ওই লোকসভার অন্তর্গত জামুড়িয়ায়। বুথের তালা খুলতে বাধা দেওয়ার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ভোটকর্মীদের ঘিরে ধরে বিক্ষোভও দেখান তাঁরা। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।




