খবর লাইভ : এবার রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল নীরজ চোপড়াকে। মরসুমের প্রথম প্রতিযোগিতায় টোকিয়ো অলিম্পক্সের সোনা জয়ী ভারতের তারকা জ্যাভলিন ছুড়লেন ৮৮.৩৬ মিটার। সোনা ছিনিয়ে নিয়ে গেলেন চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভালদিচ। তিনি জ্যাভলিন ছোড়েন ৮৮.৩৮ মিটার। মাত্র দুই সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া করলেন নীরজ। তুরস্ক এবং দক্ষিণ আফ্রিকায় অনুশীলন সেরে দোহায় এসেছিলেন নীরজ। ফলে সকলেই ধরে নিয়েছিলেন, গতবারের মতো এ বারও সোনা নিয়েই তিনি ট্র্যাক ছাড়বেন। কিন্তু তা বাস্তবায়িত হল না। ম্যাচের পরে তিনি বলেন, আমার পাখির চোখ প্যারিস অলিম্পিক্স। কিন্তু ডায়মন্ড লিগও সমান গুরুত্বপূর্ণ। মাত্র দু’সেন্টিমিটারের জন্য দ্বিতীয় হলাম। পরের বার আরও বেশি দূরত্ব ছুড়ে জেতার চেষ্টা করব।




