খবর লাইভ : দীর্ঘদিন ধরেই হুগলির ভদ্রেশ্বর এই থানা এলাকায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। বছর খানেক আগে কয়েকজন পুলিশ অফিসারের কড়া মনোভাবের জন্য মাঝে এই থানা এলাকায় মাটি কাটার কাজ বন্ধ থাকলেও ফের শুরু হয়েছে বেআইনি এই কাজ। জগন্নাথ মণ্ডল নামে এক মাটি মাফিয়া রাতের অন্ধকারে বিঘাটি হাই স্কুলের কাছে বেশ কিছুদিন ধরে বেআইনিভাবে মাটি কাটার কাজ করে যাচ্ছে। পুলিশ ও প্রশাসনের একাংশের সহযোগিতায় এই বেআইনি কাজ হচ্ছে বলে এলাকার লোকজনের অভিযোগ। পুলিশ ও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করাতে এলাকার লোকজন বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন।
আরও পড়ুনঃ সাতদিনেই ইউ-টার্ন ভোজপুরী শিল্পী পবন সিংয়ের, আসানসোল থেকেই লড়বেন বিজেপি প্রার্থী
এবিষয় নিয়ে ভদ্রেশ্বর থানার আইসি আশিস দলুইকে ফোন করা হলে তিনি বলেন, এটা আমার কাজ নয়, ভূমি ও ভূমি রাজস্ব দফতরকে বলুন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার লোকজন।
সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না অবশ্য মাটি মাফিয়া জগন্নাথ মণ্ডলকে অসৎ বলেই দাবি করেন। তিনি বেআইনি কাজ বন্ধের আশ্বাসও দেন। জগন্নাথ মণ্ডল অবশ্য একাধিকবার নিজের মত বদল করতে থাকেন।
নবান্নের এক কর্তা অবশ্য বেআইনি কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।




