খবর লাইভ : লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে লাগাতার চাপ বাড়ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপর। এর আগে টানা আটবার আবগারি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির সমন এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু সময় যত গড়াচ্ছে পরিস্থিতি যে তার পক্ষে খুব একটা আশানুরূপ হবে না তা ভালোভাবেই জানে কেজরিওয়াল। আর সেকারণেই ইডির মুখোমুখি হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। সাফ জানিয়েছিলেন, ১২ মার্চের পর ইডির জিজ্ঞাসাবাদের জন্য তিনি একেবারে প্রস্তুত। কিন্তু তার আগেই কেজরিওয়ালকে ডেকে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আগামী ১৬ মার্চ তাঁকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। তবে আদালতের নির্দেশ মেনে দিল্লির মুখ্যমন্ত্রী হাজিরা দেন কী না সেদিকে কড়া নজর থাকবে।
আরও পড়ুনঃ বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ, কথা অমিত শাহর সঙ্গেও
উল্লেখ্য, গত নভেম্বর মাস থেকে এক টানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমন এড়িয়ে চলেছেন কেজরিওয়াল। একাধিকবির তলবের পরও হাজিরা দেননি তিনি। এদিকে পঞ্চমবার তলব এড়ানোর পরেই আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। তাঁদের দাবি ছিল, তিনি সমস্ত কাজকর্ম করলেও তদন্তকারী সংস্থার তলবে সাড়া দিচ্ছেন না। এই অভিযোগেই বুধবার ফের আদালতের দ্বারস্থ হয় ইডি। তারপরই বৃহস্পতিবার দিল্লির আদালত অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠাল।
আর আদালতের এমন নির্দেশের পর আপের তরফ থেকে দাবি করা হয়েছে, কেজরিওয়ালকে গ্রেফতারের উদ্দেশ্যেই বারবার তাঁকে তলব করছে ইডি। পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র বলে আক্রমণ করেছে তাঁরা।




