Special News Special Reports State

সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে গেল সিবিআই

0
(0)

খবর লাইভ : সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে গেল সিবিআই। বৃহস্পতিবার বিকেলে সন্দেশখালির আকুঞ্জীপাড়া মোড়ে শাহজাহানের বাড়িতে যান সিবিআইয়ের কয়েক জন আধিকারিক। তবে বাড়ির ভিতরে তাঁরা ঢোকেন নি। বাইরে থেকে এলাকা পর্যবেক্ষণ করা হয়েছে।শাহজাহানের বাড়িতে এর আগে রেশন ‘দুর্নীতি’ মামলার তদন্ত করতে গিয়েছিল ইডি। শাহজাহানের বাড়ির বাইরে নোটিসও ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সেই অবস্থাতেই পড়ে আছে বাড়িটি। বাড়ির বাইরে রয়েছে সিসি ক্যামেরা। শাহজাহানের সেই বাড়ির সামনেই বৃহস্পতিবার হাজির হয় সিবিআই। আদালতের নির্দেশে তারা এখন সন্দেশখালিকাণ্ডের তদন্ত করছে। সিবিআইয়ের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও।শাহজাহানের বাড়ি থেকে বেরিয়ে সিবিআই যায় সন্দেশখালির শাহজাহান মার্কেটে। ওই বাজার এলাকায় শাহজাহানের অফিসও রয়েছে। সেখানে সিবিআই আধিকারিকেরা যান। বেশ কিছু ছবি তোলা হয় মার্কেটের।

আরও পড়ুনঃ আইপিএল-এর আগে বিশেষ প্রস্তুতি রাহুলের, নিজেই দিলেন ছবি

উল্লেখ্য, রেশন মামলার তদন্তে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে প্রথম বার ইডি এসেছিল ৫ জানুয়ারি। ইডি আধিকারিকদের সে বার মার খেয়ে ফিরতে হয়েছিল। শাহাজাহান তার পর থেকে ৫৫ দিন ‘নিখোঁজ’ ছিলেন। গত ২৯ ফেব্রুয়ারি তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে সিআইডি হেফাজতে রাখা হয়েছিল সন্দেশখালিকাণ্ডের অন্যতম মূল এই অভিযুক্তকে। পরে আদালতের নির্দেশে বুধবার তাঁকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। কলকাতায় সিবিআইয়ের দফতর নিজাম প্যালেসে আপাতত রয়েছেন শাহজাহান। আর সন্দেশখালিতে তাঁর বাড়িতে গিয়েছেন সিবিআই আধিকারিকেরা।

কলকাতা হাই কোর্ট সন্দেশখালির ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে। বুধবার শাহজাহানকে হাতে পাওয়ার পর রাতেই সিবিআইয়ের একটি দল সন্দেশখালি পৌঁছে গিয়েছিল। সেখানে তথ্য সংগ্রহের কাজ চলছে। বৃহস্পতিবার বিকেলে সিবিআইকে দেখা গেল শাহজাহানের বাড়ির সামনে।কিছু দিন আগে পর্যন্ত শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল নেতাদের গ্রেফতারি চেয়ে পথে নেমেছিলেন সন্দেশখালির বাসিন্দাদের একাংশ। মহিলাদের বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল সন্দেশখালিতে। শাহজাহানদের বিরুদ্ধে মূল অভিযোগ, এলাকায় তাঁরা অত্যাচার চালান। জমি জবরদখল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, মারধর, কাজ করিয়ে টাকা না দেওয়া, মহিলাদের উপর নির্যাতনের মতো অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *