খবর লাইভ : সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তি বেড়েই চলেছে৷ কুণাল ঘোষের পর এবার কলকাতা উত্তরের সাংসদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন বিধায়ক তাপস রায়৷ স্পষ্ট জানিয়ে দিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থী করলে তিনি প্রচারে নামবেন না৷ এমন কি, খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেও তিনি নিজের সিদ্ধান্ত বদল করবেন না বলে জানিয়ে দিয়েছেন বরানগরের তৃণমূল বিধায়ক উত্তর কলকাতার দাপুটে নেতা তথা বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, ‘কুণাল ঠিক কথা বলেছে।ভোটের আগে ৩ মাস দেখা যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কোনও কাজ করে না। শুধু ফায়দা নিয়ে যায়। এবারে নেত্রী বললেও ভোটে তাঁর হয়ে কোনও কাজ করব না।’
যদিও বিজেপির সঙ্গে লোকসভার দলনেতার যোগ নিয়ে এর আগেও সরব হয়েছিলেন তাপস রায়।প্রকাশ্যে সমালোচনাও করেছিলেন তিনি। এবার কুণাল, সুদীপকে নিয়ে মুখ খোলায় আরও একবার নিজের বক্তব্যে শান দেওয়ার সুযোগ পেয়েছেন তাপস।ঘাস ফুল শিবিরের প্রথম সারির এই দুই নেতার এহেন বিস্ফোরক মন্তব্যে লোকসভার আগে বিরোধীদের সমালোচনা করার মত নতুন বিষয়ের জন্ম দিল বলেই মনে করছে রাজ্যের ওয়াকিবহাল মহল।৷
প্রসঙ্গত, গতকালই দলের অন্দরে সরব হন কুণাল৷ প্রথমে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন তিনি৷ এর পর কলকাতা উত্তরের সাংসদের বিরুদ্ধে সরব হন কুণাল৷ সুদীপের সঙ্গে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগাযোগ নিয়ে অভিযোগ তোলেন তিনি৷




