খবর লাইভ : জাতীয় মহিলা কমিশন, এসসি এসটি কমিশনের পর সন্দেশখালিতে পৌঁছালো জাতীয় মানবাধিকার কমিশন। শুক্রবারের পর শনিবার সকালে সন্দেশখালি ধামাখালি ফেরি ঘাট হয়ে সন্দেশখালি যায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের সাথে কথাও বলেন তারা।
তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে শ্লীলতাহানি, জমি দখল, ভেড়ি দখল সহ একাধিক অভিযোগ এনেছেন গ্রামবাসীরা। পলাতক শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে উত্তাল শাহজাহান। ন্যাজাট থানার সামনে বার বার বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। বাঁশ, লাঠি হাতে পথে নামেন গ্রামের মহিলারা। তাদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন উত্তম সরদার এবং শিবু হাজরা।
আরও পড়ুনঃ খালিস্তানি মন্তব্যে প্রথম এফআইআর দায়ের করা হল রাজ্যে!
সন্দেশখালি ঘুরে দেখে এসেছিল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনও। ছ’জন সদস্যের একটি প্রতিনিধি দল সন্দেশখালিতে গিয়েছিল। সেই দলে ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস, পরামর্শদাতা সুদেষ্ণা রায়-সহ মোট ছ’জন প্রতিনিধি। ঘুরে ঘুরে গ্রামগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। এর পর জাতীয় মানবাধিকার কমিশনও পৌঁছল উত্তপ্ত সন্দেশখালিতে। জাতীয় আদিবাসী কমিশনের একটি দলেরও শীঘ্রই সন্দেশখালি পৌঁছনোর কথা। উল্লেখযোগ্য, বাম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ও শনিবার সন্দেশখালি গিয়েছেন।
স্থানীয়দের প্রতিবাদ-বিক্ষোভের জেরে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ উঠেছিল সন্দেশখালিতে।




