খবর লাইভ : বাংলার সব মহিলাই যাতে ‘হাত খরচের’ টাকা পেতে পারেন সেই জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। অনেকেই সেই টাকা পাচ্ছেন ইতিমধ্যেই। প্রতি মাসেই অ্যাকাউন্টে ঢুকছে সেই টাকা। ২০২৪ রাজ্য বাজেটে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ টাকা বাড়ানো হল। যার ফলে ১০০০ টাকা করে পাবেন মহিলারা। অন্যদিকে জনজাতি মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে করা হল ১২০০ টাকা।
মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশের সময় বলেন, “আমাদের মা-বোনেদের হাত শক্ত করার জন্য এই মা-মাটি-মানুষের সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতির শ্রেণির জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক ১,২০০ টাকা এবং অন্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক ১০০০ টাকা হবে।“
২০২১ সালে বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আর্থিক সহায়তা পান। এ বার লোকসভা ভোটের আগে সেই প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য। চন্দ্রিমা জানান, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে বর্ধিত সহায়তা চালু হবে। মে মাস থেকে মহিলারা এর সুবিধা পাবেন। এর জন্য রাজ্যের কোষাগার থেকে অতিরিক্ত ১২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান চন্দ্রিমা। ৬০ বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন বলেও বাজাটে ঘোষণা করা হয়েছে।




