খবর লাইভ : ফের একবার শিবির বদল করে বিজেপি-র হাতই ধরতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ সবকিছু ঠিকঠাক চললে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি-র সঙ্গে জোট বেঁধেই লড়তে পারেন তিনি৷ আগামী ৪ ফেব্রুয়ারি বিহারের বেতিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জনসভাতেও উপস্থিত থাকতে পারেন তিনি৷
আপাতত ধীরে চলো নীতিই নিয়েছে দু পক্ষ৷ ২০২২ সালে এই বিজেপি-র সঙ্গ ছেড়েই প্রতিপক্ষ লালু প্রসাদ যাদবের আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন নীতীশ৷ লোকসভা নির্বাচনে বিরোধী শিবিরকে একজোট করতেও প্রাথমিক ভাবে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি৷ কিন্তু গত এক সপ্তাহ ধরে বিহারের রাজনীতিতে ফের একবার ডামাডোল শুরু হয়৷ তখন থেকেই নীতীশের ভোলবদলের আঁচ পাচ্ছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা৷
আরও পড়ুনঃ জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন! কটাক্ষের শিকার শিল্পা শেট্টি
রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় হাজির থাকার আমন্ত্রণ পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন নীতীশ৷ সপ্তাহ খানেক আগে রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরুদ্ধেও সরব হন নীতীশ কুমার৷ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, নাম না করে আসলে জোটসঙ্গী লালুপ্রসাদ যাদব এবং তাঁর ছেলে ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেই নিশানা করেছিলেন নীতীশ৷ পাল্টা লালু কন্যা রোহিনী নীতীশকে এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করে তীব্র আক্রমণ করেন৷ যদিও পরে সেই সমস্ত পোস্ট তিনি ডিলিট করে দেন৷



