খবর লাইভ : রবিবার সাতসকালেই কড়া নিরাপত্তায় শুরু হয়েছে হাফ ম্যারাথন। এদিন সকাল হতেই রেড রোডে হাজির সমস্ত বয়সের মানুষ। কলকাতা পুলিশের তরফে আয়োজিত এদিনের অনুষ্ঠান সুষ্ঠু ও স্বাভাবিকভাবে শুরু হলেও আচমকাই ঘটল দুর্ঘটনা। এদিন ম্যারাথনের সমাপ্তি পয়েন্টের কাছে একটি বড় তোরণ রাখা ছিল। সূত্রের খবর, এদিন ম্যারাথন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে দমকা হাওয়ায় ওই তোরণ আচমকা উল্টে যায়। আর যার জেরে দুর্ঘটনার কবলে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলিধর শর্মা। জানা গিয়েছে এদিন ওই তোরণের সামনেই দাঁড়িয়েছিলেন তিনি। সূত্রের খবর, তাঁর ঘাড়ে ও কোমরে চোট লেগেছে। ইতিমধ্যে তাঁকে ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতাল সূত্রে খবর, মুরলিধর শর্মাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর ঘাড়ে ও কোমরে চোট লেগেছে। ইতিমধ্যে তাঁর বেশ কয়েকটি টেস্ট করানো হয়েছে বলে খবর। তবে অতিরিক্ত পুলিশ কমিশনারের চোট তেমন গুরুতর নয়। তবে মাথায় আঘাত লাগার কারণে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রবিবার ভোরে রেড রোডে শুরু হয় ম্যারাথন। কলকাতা পুলিশের তরফে আয়োজিত ম্যারাথনে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সৌরভ গঙ্গোপাধ্যায়, টলি অভিনেতা আবির চট্টোপাধ্যায়, ঈশা সাহা। এদিনের ম্যারাথনে অংশ গ্রহণ করেছিলেন অ্যাডিশনাল সিপিও। পুলিশ সূত্রে খবর, যে গেটে প্রতিযোগীরা নিজেদের দৌড় শেষ করছেন সেই গেটেরই দায়িত্বে ছিলেন মুরলিধর। আচমকা দমকা হাওয়ায় সেই গেটটি ভেঙে পড়ে যায়। তখনই আঘাত লাগে তাঁর।




