খবর লাইভ : ইরানের হামলার পাল্টা জবাব দিল পাকিস্তান৷ সেই হামলায় মৃত্যু হল ৭ জনের৷ আর তা নিয়ে আন্তর্জাতিক স্তরে শুরু হয়েছে আলোচনা৷ পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে, ইরানের অন্দরে বিভিন্ন লুকনো জঙ্গী ঘাঁটিতে হামলা চালিয়েছে পাকিস্তান৷ পাক বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে৷
পাকিস্তানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘পাকিস্তানের গোয়েন্দা দফতরের পক্ষ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইরানে থাকা বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর লুকানো স্থানে হামলা চালানো হয়েছে৷ জঙ্গিদের ঘাঁটিতে বিশেষত এই হামলা চালানো হয়েছে৷’’ পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷এর আগে, পাকিস্তানের বালোচ প্রদেশে ইরানের হামলার ঘটনায় কমপক্ষে দু’জনের মৃত্যু হয়৷ এই দু’জনই শিশু৷ তার পরেই পাকিস্তানের তরফ থেকে হুমকি দেওয়া হয় একের পর এক৷ পাকিস্তানের তরফ থেকে ইরানকে বলা হয়, এমন হামলা চালালে, তার ফল পাকিস্তানকে ভুগতে হবে৷ পাশাপাশি, পাকিস্তানের তরফে এর যোগ্য জবাব দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়৷ আর তার ঠিক একদিনের মাথায় এই পাল্টা জবাব দিল পাকিস্তান৷ নতুন করে ইরান ও পাকিস্তানের মধ্যে এই ঝামেলা শুরু হওয়ায় আন্তর্জাতিক রাজনীতিতে জটিলতা বৃদ্ধি পেয়েছে।
উল্লেখযোগ্য যে, সোমবার ইরাকের কুর্দিস্তান এবং সিরিয়ায় ইজ়রায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের গোপন ডেরায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটিতে সেই হামলা চালানো হয় বলে দাবি তাদের। মঙ্গলবার পাকিস্তানের উপর হামলার কথা স্বীকার করেছে তেহরান। ইরানের বিদেশমন্ত্রী স্বীকার করেছেন যে, ওই হামলার লক্ষ্য ছিল জঙ্গি সংগঠন জইশ আল অদল বা আর্মি অফ জাস্টিসের ঘাঁটি ধ্বংস করা। সেই হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে এবং তিন জন আহত হয়েছেন বলেও পাকিস্তানের দাবি। পাকিস্তান সরকার জানিয়েছিল, কোনও উস্কানি ছাড়াই বালুচিস্তানে হামলা চালিয়েছে ইরান, এবং তা আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রপুঞ্জের নীতির পরিপন্থী। একই সঙ্গে পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছিল, এই ধরনের হামলা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।




