খবর লাইভ : রাজভবন চত্বরে জারি থাকা ১৪৪ ধারা লঙ্ঘন করে ধরনা কর্মসূচি চালানোর অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে। গত ৫ অক্টোবর থেকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজভবনের উত্তরের ফটকের অনতিদূরে ধরনা কর্মসূচি চালাচ্ছেন তিনি। যা বেআইনি বলে অভিযোগ করেছেন বিজেপি নেতারা। ইতিমধ্যেই এই নিয়ে সমাজমাধ্যমে এবং প্রকাশ্যে সরব হয়েছেন বাংলার বিজেপি নেতারা। অন্য দিকে, রাজভবনও চিঠি দিয়ে নবান্নের কাছে জানতে চেয়েছে, কার অনুমতিতে ওই ধর্না কর্মসূচির আয়োজন করা হল রাজভবনের সংরক্ষিত এলাকার মধ্যে? কিসের ভিত্তিতেই বা দেওয়া হয়েছে ওই অনুমতি?
আরও পড়ুনঃ অশান্ত মণিপুর: মন্ত্রীর বাড়িতে গ্রেনেড হামলায় আহত সিআরপিএফ-সহ ২
এই নিয়ে বিতর্কের মধ্যেই সোমবার বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি একটি জনস্বার্থ মামলা করেন কলকাতা হাই কোর্টে। ওই আবেদন সোমবার শুনানির জন্য উঠেছিল হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। কিন্তু মামলাটি জরুরিভিত্তিতে শোনার কথা বলতেই প্রধান বিচারপতি আপত্তি তোলেন। এর পরেই বিচারপতি শিবজ্ঞানম জানিয়ে দেন জরুরি ভিত্তিতে এই মামলা শোনা সম্ভব নয়। ফলে অভিষেকের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের হয়নি আদালতে।




