খবর লাইভ : ভারতীয় ক্রিকেট বোর্ড এবং কেন্দ্রীয় সরকারের আশ্বাস মতো ২৫ সেপ্টেম্বরের মধ্যে ভিসা মঞ্জুর করা হয়েছে বাবর আজমদের। ভিসা পাওয়ার বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডও নিশ্চিত করেছে। তবে পাকিস্তানের ক্রিকেটারদের ভিসা পেতে সোমবার রাত হয়েছে। যা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। উদ্বেগে পাকিস্তানের ক্রিকেট কর্তারা চিঠি দিয়েছিলেন ইন্টার ন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে।
লাহোর থেকে দুবাই হয়ে বুধবার সকালে হায়দরাবাদে পৌঁছানোর কথা পাকিস্তান দলের। শুক্রবার সেখানেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। দেশ ছাড়ার ১১ ঘণ্টা আগে ভারতের ভিসা পেয়েছেন বাবরেরা। ভিসা পেতে দেরি হওয়ায় সূচি পরিবর্তন করতে হয়েছে পাকিস্তানকে।
আরও পড়ুনঃ পদ্মপাঁকে পা ডুবছে কংগ্রেসের! পাঞ্জাবে ঘোড়া কেনাবেচার ইঙ্গিত বাজওয়ার
ভারতে আসার আগে দুবাইয়ে দু’দিনের শিবির করার কথা ছিল বাবরদের। সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে তাঁদের। তাঁদের দাবি, সোমবার প্রথমার্ধে ভিসা মঞ্জুর করা হলে সমস্যা হত না।
সোমবার রাত ৮টা নাগাদ ইসলামাবাদের ভারতীয় দূতাবাস পাকিস্তান দলের ভিসা মঞ্জুর করে। পিসিবির এক কর্তা বলেছেন, ‘‘আমাদের ভিসা পেতে একটু বেশিই দেরি হয়েছে। একটা সময় আমাদের উদ্বেগ বৃদ্ধি পেতে থাকে। কিছুটা চাপ তৈরি হয়। বিষয়টি জানিয়ে আইসিসিকে চিঠি দেওয়া হয়। পাকিস্তানের প্রতি অসম আচরণ এবং বিশ্বকাপের জন্য আমাদের বাধ্যবাধকতার কথা জানানো হয়।’’
পিসিবির মুখপাত্র উমর ফারুক বলেছেন, ‘‘ভারতের ভিসার জন্য সবার পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র ১৮ অগস্ট আইসিসিকে পাঠানো হয়েছিল। সব কিছু খতিয়ে দেখে ২৮ অগস্ট আইসিসি সেগুলি আমাদের ফেরত পাঠায়। এশিয়া কাপ থেকে দল ১৫ সেপ্টেম্বর দেশে ফেরে। ১৯ সেপ্টেম্বর আমরা ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে ক্রিকেটারদের পাসপোর্ট এবং অন্য প্রয়োজনীয় কাগজ-সহ ভিসার জন্য আবেদন করেছিলাম।’’
২৫ তারিখ রাতে ভিসা পেয়েছেন বাবরেরা। আবেদন করার পর ভারতীয় দূতাবাস এত সময় নেওয়ায় হতাশ পিসিবি কর্তারা।




