খবর লাইভ : পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদকে ফের জেলে পাঠাতে সক্রিয় হয়ে উঠেছে সিবিআই। আরজেডি প্রধান লালুর জামিন বাতিলের দাবিতে সিবিআইয়ের তরফে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। বিহারে নব্বইয়ের দশকে পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত ডোরান্ডা ট্রেজারি মামলায় পাঁচ বছর জেলের সাজাপ্রাপ্ত লালুকে স্বাস্থ্যের কারণে ২০২২ সালের এপ্রিলে ঝাড়খণ্ড হাই কোর্ট জামিনে জেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছিল। সেই সিদ্ধান্তকেই শীর্ষ আদালতে চ্যালেঞ্জ জানিয়েছে সিবিআই।
আরও পড়ুনঃ যাদবপুরে সংঘর্ষের ঘটনায় এফআইআর দায়ের করলেন শুভেন্দু
প্রসঙ্গত, ডোরান্ডা ট্রেজারি থেকে ১৩৯ কোটি টাকার-ও বেশি টাকা তছরুপের অভিযোগে ২০২২-এর ফেব্রুয়ারিতে লালুকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠিয়েছিল রাঁচির বিশেষ সিবিআই আদালত। এর আগে ২০১৩ এবং ২০১৭ সালে অন্য দু’টি পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে জেলে পাঠানো হয়। তাঁকে মোট ১৪ বছর কারাবাসের সাজা দেওয়া হয়েছিল এবং ৬০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।
তবে দু’বারই তিনি জামিন পান।বিরোধী শিবিরের অভিযোগ, ২০২৪-এর লোকসভা ভোটের আগে বিহারে ‘ইন্ডিয়া’-কে বিপাকে ফেলতেই কেন্দ্রীয় সংস্থার এই ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ পদক্ষেপ।




