খবর লাইভ : রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। তার আগে সচেতন প্রশাসন। রাজ্য তথা জেলার নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। তল্লাশি চালানো হচ্ছে বাংলা – ঝাড়খন্ড সীমান্তে অবস্থিত ডুবুরডি চেকপোষ্টে। ঝাড়খন্ড থেকে আসা প্রতিটি দুচাকা এবং চারচাকা গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। প্রজাতন্ত্র দিবস এর আগে যে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের টহলদারি এবং তল্লাশি চলছে।
প্রজাতন্ত্র দিবসের আগে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নাকা তল্লাশি শুরু করল কোচবিহারের সিতাই পুলিশ। মঙ্গলবার সীমান্তবর্তী দিনহাটা-সিতাই-শীতলকুচি রাজ্য সড়কের দেবী কামতেশ্বরী সেতু চত্বরে নাকা তল্লাশি চলে। ওই সড়ক দিয়ে চলাচলকারী প্রত্যেকটি যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
সিতাই থানার আইসি প্রবীণ প্রধান জানান, সাধারণত রোজ এই রুটে একাধিক নাকা চেকিং পয়েন্টে রুটিন মাফিক তল্লাশি চলে। তবে প্রজাতন্ত্র দিবসের আগের দিনগুলোতে তল্লাশি আরও জোরদার করা হয়েছে।




