Special News Special Reports State

বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করে নিজেদের পথে আনতে চাইছেন কেউ কেউ, এটা হবে না: মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 

0
(0)

খবর লাইভ : সোমবার থেকে শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে তুমুল অশান্তি। কার্যত কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ বয়কটের ডাক দিয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশ। মঙ্গলবারও সেই অশান্তি অব্যাহত ছিল। অভিযোগ ওঠে, আইনজীবীদের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে ঢুকতে বাধা দেওয়া হয়। আর এই নিয়ে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন হাইকোর্টের আরেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । মঙ্গলবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর সেখান থেকেই তিনি বলেন, “পৃথিবীশুদ্ধ সবাই দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গে বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা করছেন। কোনও একটা অংশ বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করে নিজেদের পথে আনতে চাইছেন। কিন্তু গতকালই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলে দিয়েছেন, ভারতের বিচারব্যবস্থা এত ঠুনকো নয়। এত সহজে বিচারব্যবস্থাকে ভয় দেখানো যাবে না।”

এখানেই থামেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। কার্যত সতর্কতার সুরে তিনি বলেন, “আমি কোনও দলের কথা বলছি না। কোন দল করেছে আমি জানি না। বরং শাসকদল তো অভিযোগ অস্বীকার করেছে। আমি প্রায় ২৩ বছর কলকাতা হাই কোর্টে প্র্যাকটিস করেছি। ৫ বছর বিচারপতির আসনে আছি। আমার কেরিয়ারে কোনওদিন এই ধরনের ঘটনা দেখিনি। কোন দুর্বৃত্তের এত সাহস হল? আমি মনে করি এই ঘটনার তদন্ত হওয়া উচিত।”

প্রসঙ্গত, হাইকোর্টের অশান্তির পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য অত্যন্ত উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে। হাইকোর্টের অশান্তি ঘিরে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য।

সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার নামে হাই কোর্ট চত্বরেও পোস্টার পড়ে। তারও আগে তাঁকে নিয়ে দু’পক্ষের আইনজীবীদের সংঘর্ষে ধুন্ধুমার বাঁধে আদালত চত্বরেই। মঙ্গলবার বিচারপতি মান্থাকে সরাসরি বয়কটের প্রস্তাব আনেন কলকাতা হাই কোর্টের আইনজীবীদের একাংশ। এ সব নিয়ে গত দু’দিন নীরব ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, ‘‘আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতায় এমন ঘটনা হাইকোর্টে দেখিনি। পশ্চিমবঙ্গে বিচার ব্যবস্থাকে ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিচার ব্যবস্থাকে এ ভাবে ভয় দেখানো যাবে না।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *