খবর লাইভ : সাধারণ মানুষের আক্রমণের লক্ষ্য কি হয়ে উঠছে বন্দে ভারত ? সোমবার ট্রেনটির দরজায় পাথর ছোঁড়ার ঘটনার পর মঙ্গলবার নজরে এসেছে একটি কোচের জানালার কাঁচ ভাঙা, তাই এই প্রশ্ন উঠছে। নতুন করে বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে কিনা, তা অবশ্য স্পষ্ট নয। জানা গিয়েছে, মঙ্গলবার নিউ জলপাইগুড়িতে পৌঁছনোর পর ট্রেনটি পরিষ্কার করার সময় বিষয়টি নজরে আসে রেলকর্মীদের। জানালার কাঁচ ভাঙা থাকার বিষয়টি তাঁরা ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে আনেন।
আরও পড়ুনঃ ডিএলএডে ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দের বক্তব্য, যাত্রীদের তরফে কোনও অভিযোগ করা হয়নি। তবে বিষয়টি নজরে আসার পর তা গুরুত্ব সহ দেখা হচ্ছে। কীভাবে কাঁচটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পরামর্শ নেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের। এদিকে, দরজায় পাথর ছোঁড়ার ঘটনাকে তাঁরা হালকা ভাবে নিচ্ছেন না বলে জানান কাটিহারের ডিআরএম এস কে চৌধুরি। তিনি বলেন, ‘স্থানীয় থানায অভিযোগ দায়ের করা হয়েছে। নিজস্ব গোয়েন্দা বিভাগকে কাজে লাগানো হয়েছে। খুব দ্রুত জড়িতরা ধরা পড়বে’।



