খবর লাইভ : আবারও চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির খোঁজ পায় সিবিআই। আর সেই তদন্ত চলার পরে দেখা যায়, প্রচুর চাকরিপ্রার্থী বেআইনিভাবে চাকরি পেয়েছেন। আর সেই বেআইনি শিক্ষকদের চাকরি বাতিল করছে আদালত। আজকে আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও ১৪০ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন। গত বছর ২৬৮ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে আদালতের নির্দেশে।
সেই শিক্ষকরা অবশ্য সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে আবারও হাইকোর্টের দিকেই এই মামলা ঠেলে দেওয়া হয় বলা হয়। এবং বলা হয়, প্রত্যেককে চাকরি পাওয়ার যোগ্য প্রমাণ দিতে হবে। প্রসঙ্গত, গত দুদিনে ১৯৬ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। যদিও বৃহস্পতিবার ৫৯ জনের হলফনামা জমা পড়বে বলে জানা গিয়েছে। তবে তার আগেই উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। বলা হচ্ছে, প্রত্যেকটি প্রার্থীর ক্ষেত্রেই একটি বিশেষ মেসেজের খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে সাদৃশ্য রয়েছে। আপাতত হাইকোর্টের নতুন করে আজ চাকরি বাতিলের নির্দেশে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।




