খবর লাইভ : দু’দিনের উত্তরাখণ্ড(Uttarakhand) সফরে গিয়ে শুক্রবার গৌরীকুন্ড-কেদারনাথ রোপওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বেশ কয়েকটি প্রশাসনিক কাজ, উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন সহ একাধিক কর্মসূচি হাতে নিয়ে উত্তরাখণ্ড গিয়েছেন নরেন্দ্র মোদি। সেখানেই এদিন রোপওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। তবে তার আগে কেদারনাথ ধামে পুজো দেন দেশের প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার দেরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দরে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং কেন্দ্রীয় মন্ত্রী অজয় ভাট। সেখান থেকে শুক্রবার কেদারনাথ আসেন প্রধানমন্ত্রী। কেদারনাথ মন্দিরে পুজো দেওয়ার পর রোপওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে দেখা যায় তাঁকে।
জানা গিয়েছে, এই রোপওয়ে প্রকল্প চালু হলে গৌরীকুন্ড থেকে ৩০ মিনিটে পৌঁছানো যাবে কেদারনাথে। পাশাপাশি, কেদারনাথ এবং বদ্রিনাথের মাঝে রাস্তা তৈরির পরিকল্পনাও রয়েছে। জানা গিয়েছে, এই প্রকল্পে খরচ হতে পারে প্রায় ৩৫০০ কোটি টাকা। প্রসঙ্গত, এটি প্রধানমন্ত্রী হিসেবে কেদারনাথে মোদির ষষ্ঠ এবং বদ্রীনাথে দ্বিতীয় সফর। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দুটি বিখ্যাত পাহাড়ি মন্দির ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।




