খবর লাইভ : সম্প্রতি নিয়োগ দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। ঘটনাচক্রে, কল্যাণময়ের গ্রেফতারের পর এই মামলায় আগেই গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েছে সিবিআই। এই প্রেক্ষাপটে শান্তিপ্রসাদকে আবারও নিজেদের হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনাক্রম যে পথে এগোচ্ছে, তাতে পার্থ, কল্যাণময় ও শান্তিপ্রসাদকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে সূত্রের খবর।
এদিন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে আবারও হেফাজতে নিল সিবিআই। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শনিবার নিয়োগ দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়েছিল।
নিয়োগপত্র কার নির্দেশে দেওয়া হয়েছিল? নিয়োগপত্র নিয়ে তাঁদের কী ভূমিকা ছিল? এ নিয়ে জানতে চায় সিবিআই। এ জন্য তিন জনকে মুখোমুখি বসিয়ে জেরার ভাবনাও রয়েছে বলে সূত্রের খবর। এই সংক্রান্ত মামলায় সিবিআই যে এফআইআর দায়ের করেছিল, তাতে প্রথম নামই ছিল শান্তিপ্রসাদের। সিবিআই সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলার পরই শান্তিপ্রসাদকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়।




