খবর লাইভ : আগামী নভেম্বরে কলকাতা আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক কর্মসূচি নয়, পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতেই তিনি শহরে আসতে পারেন। ৫ নভেম্বর ওই বৈঠক হতে পারে নবান্নে। সেখানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ পূ্র্ব ভারতের পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী। উদ্দেশ্য, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা।
আরও পড়ুনঃ ব্যাঙ্কক যাওয়ার অনুমতি মিলল না অভিষেকের শ্যালিকা মেনকার
পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য-রাজ্য— পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং সিকিমের মুখ্যমন্ত্রীদের ওই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। প্রথা মেনে সেখানে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। আন্তঃরাজ্য সীমানার পাশাপাশি অন্তর্দেশীয় সীমান্তের নিরাপত্তা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। সূত্রের খবর, এ বছর সেই বৈঠকে সভাপতিত্ব করতে পারেন অমিত শাহ।
এর আগে ২০১৮ সালে নবান্নে এই বৈঠক হয়েছিল। তখন প্রতিনিধিত্ব করেছিলেন রাজনাথ সিং। প্রশ্ন উঠছে, সীমানা নিয়ে যখন আলোচনা হবে তখন বিএসএফের পাহারা সত্ত্বেও কিভাবে পাচার চক্র সক্রিয় হয়ে উঠছে তা নিয়ে অমিত শাহের সঙ্গে আলোচনা করতে পারেন মমতা। ইতিমধ্যেই গরু বা কয়লা পাচার কাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আলাদাভাবে বৈঠক করেন কিনা এখন সেটাই দেখা।




