খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর ৭২তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি।’
আরও পড়ুনঃ ব্যাঙ্কক যাওয়ার অনুমতি মিলল না অভিষেকের শ্যালিকা মেনকার
দেশ-বিদেশ থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছেন মোদি। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোদির জন্মদিনে নামিবিয়া থেকে আটটি চিতা ভারতের মাটিতে উড়িয়ে এনেছে বিমান। গ্বালিয়ার থেকে বায়ুসেনার কপ্টারে সেই চিতা পৌঁছেছে মধ্যপ্রদেশের কুনো জাতীয় অভয়ারণ্যে। ওই চিতাগুলিকে প্রধানমন্ত্রী খাঁচামুক্ত করেন।
শনিবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিরোধী শিবিরের নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তবে টুইট ছিল ঠিক এক লাইনের। লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা।’ মোদির সুস্বাস্থ্য কামনা করে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। এ ছাড়া, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্যের কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।
মোদির জন্মদিন উপলক্ষে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দফতরে অনুষ্ঠানের আয়োজন হয়েছে। তা ছাড়া, ১৬ দিনের একটি ই-নিলামের ব্যবস্থা করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর পাওয়া উপহার নিলাম হবে।




