খবর লাইভ : রাজ্যজুড়ে দুর্নীতির জেরে তৃণমূল যে বিপাকে পড়েছে তা সোমবার বোঝা গিয়েছে রাজ্যসভার সাংসদ জহর সরকারের মন্তব্যে। প্রসঙ্গত, সোমবার সাংসদ জহর সরকার প্রকাশ্যেই বলেন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এবং অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে তিনি যথেষ্ট অস্বস্তিতে রয়েছেন তৃণমূলে থাকার জন্য। এমনকি তিনি বলেন, দলের একাংশ পচে গিয়েছে। এই দল নিয়ে ২০২৪ এর লোকসভা নির্বাচন লড়াই করা সম্ভব নয়। এমনকি জহর সরকার দাবি করেন, তাঁর বাড়ির লোক তাঁকে রাজনীতি ছেড়ে দেওয়ার আবেদন করছে। এমন কি বন্ধু-বান্ধবদের কটাক্ষ সহ্য করতে হচ্ছে তাঁকে। এই পরিস্থিতিতে এবার জহর সরকারকে পালটা দিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জহর সরকারকে তৃণমূল রাজ্যসভার সাংসদ করেছিল। আর সেই তিনি প্রকাশ্যে দল বিরোধী কথা বলছেন। পাশাপাশি সৌগত রায় বলেন, স্বার্থপর কিংবা স্বার্থকেন্দ্রিক লোকদের কখনোই সাংসদ করা উচিত নয়।
আরও পড়ুনঃ আসানসোল জেলে অনুব্রতকে জেরা করল সিবিআই
তৃণমূল সাংসদ স্পষ্ট ভাষায় জহর সরকারের উদ্দেশ্যে বলেন, যদি ভালো না লাগে তাহলে জহর সরকার সাংসদ পদ ছেড়ে দিতে পারেন। তবে জহর সরকার যে এখনি সাংসদ পথ ছাড়তে চান না সে কথা অবশ্য স্পষ্ট করেছেন। সব মিলিয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের অন্তর্কলহ স্পষ্ট হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।




