খবর লাইভ : পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মঙ্গলবার দুর্গাপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বেনাচিতি অগ্রণী গলি সংলগ্ন তৃণমূলের একটি দলীয় কার্যালয় দখলকে ঘিরে উত্তেজনা ছড়াল এলাকয়।
গন্ডগোলের সূত্রপাত সোমবার রাতে। বেনাচিতির অগ্রণী গলির তৃণমূলের ওই পার্টি অফিসে ছিলেন তৃণমূল কাউন্সিলর অসীমা চক্রবর্তী ও তাঁর অনুগামীরা। অভিযোগ, বিট্টু সান্যাল নামে স্থানীয় এক তৃণমূল নেতা সেখানে কাউন্সিলরের এক অনুগামী মানবেন্দ্র সাহাকে মারধর করেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিস। পরে ওই তৃণমূল নেতাকে আটক করে পুলিস।
এরপর বিট্টুর অনুগামীরা তৃণমূলের পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। পাশাপাশি কাউন্সিলর অসীমা চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। তাদের দাবি, অবিলম্বে বিট্টু সান্যালকে ছেড়ে দিতে হবে। তাদের অভিযোগ, পার্টি অফিসকে দুর্নীতির আখড়াতে পরিণত করেছেন কাউন্সিলর অসীমা চক্রবর্তী ও তাঁর অনুগামীরা। এখান থেকেই তৃণমূলের নামে যাবতীয় অপকর্ম চলে।




