খবর লাইভ : ফের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankhar)। রামপুরহাটের হত্যাকাণ্ড (Rampurhat political violence)-সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Bannerjee) রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল। এক সপ্তাহের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব, মুখ্যমন্ত্রী সময় দিলে ভালো হয়। এমনটাই চিঠিতে লিখেছেন ধনকড়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে ধনকড় লিখেছেন, রাজ্যের আইনশৃঙ্খলাহীন এবং হিংসাত্মক পরিস্থিতির জেরে আপনার যত দ্রুত সম্ভব রাজভবনে আলোচনায় বসা জরুরি হয়ে পড়েছে।
রাজ্যপাল ধনকড় লিখেছেন, সিবিআই তদন্ত যদি আপনার অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ পথে না যায়, তা হলে আপনি পথে নামার ডাক দিয়েছেন। মাথায় রাখবেন, রামপুরহাটে বর্বর ঘটনাটির তদন্ত সিবিআই করছে মহামান্য কলকাতা হাই কোর্টের নির্দেশ এবং নজরদারিতে। তাই এই সংক্রান্ত কোনও আপত্তি যেন আইনের আঙিনাতেই হয়, পথে নয়।




