খবর লাইভ: মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার। EPF-এর সুদ কমা নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী। রবিবার টুইট করে এই ইস্যুতে ঐক্যবদ্ধ প্রতিবাদের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, ”ভোটের পরই উপহার নিয়ে চলে এসেছে BJP। কর্মচারিদের প্রভিডেন্ট ফান্ড থেকে সুদ কমানোর সিদ্ধান্তে কেন্দ্রের মুখোশ খুলে গিয়েছে। মহামারী কবলিত দেশে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে এই সিদ্ধান্ত বড় ধাক্কা।”
একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ”কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী, শ্রমিকবিরোধী পদক্ষেপ জনগণের থেকে তাদের আরও বিচ্ছিন্ন করে তুলছে। কৃষক, শ্রমিক, মধ্যবিত্তদের বদলে এ দেশের সরকার যে কেবল পুঁজিপতিদের স্বার্থসিদ্ধি ঘটায়, সেই বিষয়টি প্রকাশ্যে আসছে। এর জন্য ঐক্যবদ্ধ প্রতিবাদের প্রয়োজন। ঐক্যবদ্ধ প্রতিবাদই সরকারের এই কালা পদক্ষেপকে নস্যাৎ করতে পারবে।”




