খবর লাইভ: অবশেষে স্বস্তি। ইউক্রেনের উত্তর-পূর্বের শহর সুমিতে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ৬৯৪ জন ভারতীয় পড়ুয়ার প্রত্যেককেই উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হরদীপ সিংহ পুরী এ খবর জানিয়ে বলেন, ‘‘সোমবার রাতেই সুমি শহর থেকে ভারতীয় পড়ুয়াদের বাসে তুলে পলতাভা শহরে পাঠানো শুরু হয়েছিল। আমি নিজে কন্ট্রোল রুমে যোগাযোগ করেছিলাম। আজ ৬৯৪ জনকেই সুমি থেকে উদ্ধার করা হয়েছে।’’
বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, সুমিতে আটকে পড়া ভারত-সহ বিভিন্ন দেশের পড়ুয়াদের দক্ষিণের শহর পলতোভা থেকে সড়কপথে পশ্চিম সীমান্তের কোনও দেশে নিয়ে যাওয়া হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধে পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছিলেন। সে সময়ই মোদী সুমি-সহ ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধারের বিষয়ে যুযুধান দুই দেশের রাষ্ট্রপ্রধানের সাহায্য চেয়েছিলেন বলে প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রের খবর।




