খবর লাইভ: “মানুষকে পরিষেবা দেবে নাকি ফেসবুকে উলটো পালটা বলে ভাইরাল হবে! পার্টি এসব সহ্য করবে না।” তৃণমূলের সাংগঠনিক বৈঠকে এভাবেই নাম না করে এক বিধায়ককে দলীয় শৃঙ্খলাভঙ্গ নিয়ে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
মমতা বলেন, ”মানুষের জন্য কাজ করব, তাঁদের পরিষেবা দেব। তা না করে কেউ যদি মনে করেন, আমি বড় কেউকেটা। ফেসবুকে উলটো পালটা বলে ভাইরাল হব। তা পার্টি সহ্য করবে না। পার্টি এত দুর্বল নয়।” এরপরই তিনি নজরুল মঞ্চ থেকে বলেন, ”২-৩ জনকে অ্যালার্ট করা হয়েছে। তাঁরা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি মনে করেন জিতে দলকে কৃতার্থ করেছেন, তাহলে আপনার জন্য দরজা খোলা আছে। ইউ ক্যান গো এনি হোয়্যার।” ক্ষুব্ধ মমতা আরও বলেন, ”সারাক্ষণ মিডিয়ায় বিবৃতি দিয়ে যাচ্ছে!উলটো পালটা কথা বলছে! পার্টির বদনাম করছে। বারবার করে বলা হচ্ছে এরকম করবেন না। লাস্ট চান্স দেওয়া হচ্ছে। এক লক্ষ কর্মী ভালো কাজ করবে আর একজন খারাপ করছেন, সেটা দল নেবে না। তৃণমূল কংগ্রেস করতে হলে আদর্শ নিয়ে করতে হবে।”
নজরুল মঞ্চ থেকে শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যদের নামও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন শৃঙ্খলারক্ষা কমিটিতে রাখা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে।




