খবর লাইভ: ফের অশান্ত কাশ্মীর। শ্রীনগরে ভরা বাজারে জঙ্গিহানা। রবিবার শ্রীনগরে গ্রেনেড হামলার ঘটনার ঘটে। হামলার জন্য বেছে নেওয়া হয় ব্যস্ত বাজার এলাকা। হামলায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন শ্রীনগরের আমিরা কদল বাজারে গ্রেনেড হামলা করা হয়। আহতদের তালিকায় পুলিশের সদস্যরাও রয়েছেন বলে দাবি সূত্রের। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর প্রাথমিক অনুমান, তাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল। আহতদের ইতিমধ্যেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এক কর্মী স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এদিনের গ্রেনেড হামলায় এই এলাকারই একজন সাধারণ বাসিন্দার মৃত্যু হয়েছে। বাজারে এসে হামলার মুখে পড়েন তিনি। ঘটনায় যাঁরা আহত হন, তাঁদের সংখ্যা কমপক্ষে ২১ বলে জানিয়েছেন ওই পুলিশকর্মী। বিস্ফোরণের জেরে তাঁদের এক সহকর্মীর শরীরে স্প্লিন্টার ঢুকে যায় বলেও জানিয়েছেন তিনি।




